
মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী জেলা সংসদীয় আসন–২ এ নির্বাচনী মাঠে ক্রমেই উত্তাপ বাড়ছে। এরই ধারাবাহিকতায় ফেনী-২ আসনের জনপ্রিয় নেতা জয়নাল আবদীন ভিপির নেতৃত্বে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় বিএনপির অঙ্গসংগঠন যুবদলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এলাকাজুড়ে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। পথসভায় উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের সভাপতি নাসির উদ্দিন খন্দকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “জয়নাল আবদীন ভিপি একজন পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা। ফেনী-২ আসনের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক তিনি। যুবদল রাজপথে ছিল, আছে এবং থাকবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন ফেনী পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু এবং পৌর যুবদলের সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী। তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পথসভায় অংশগ্রহণ করেন ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ মোঃ ইব্রাহিম মিয়াজি, মাইনুদ্দিন মিয়াজী, দাউদ ইসলাম, শামীম ভূঁইয়া, নিজামুদ্দিন আলমগীর ও সোহাগ খান। তারা জানান, ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ত করে নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করা হবে।
পথসভাটি ফেনী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের দলীয় স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। সাধারণ জনগণের মাঝেও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেক পথচারী ও ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে পথসভায় শুভেচ্ছা জানান। বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং ফেনী-২ আসনে গণমানুষের বিজয় নিশ্চিত করতে যুবদল সর্বশক্তি নিয়ে মাঠে থাকবে। পথসভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের সংগঠিত কর্মসূচি আসন্ন নির্বাচনে ফেনী-২ আসনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।