
ফেনীর সোনাগাজী ও ফুলগাজী উপজেলা পরিষদে জামায়াতের প্রার্থী ঘোষণা
মোঃ হানিফ জেলা প্রতিনিধি ফেনী
জাতীয় সংসদ নির্বাচনের আগে ফেনীর সোনাগাজী ও ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোনাগাজীতে চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন জেলা জামায়াতের সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মুহাম্মদ আবদুর রহীম। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা। গতকাল শুক্রবার জেলা শহরে এক সমাবেশে এ ঘোষণা দেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। জেলা আমীর মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে কেন্দ্রীয় ও জেলা নেতারা উপস্থিত ছিলেন। এদিকে, ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাওলানা সামছুল হক এবং ভাইস চেয়ারম্যান পদে মাওলানা আবুল হোসেন মিয়াজীকে মনোনীত করা হয়েছে। ১২ সেপ্টেম্বর শুক্রবার এ প্রার্থীতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। ফুলগাজী উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আবুল কালাম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।