
আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার, ফেনী
ফেনী জেলার শিক্ষা অঙ্গনে যুক্ত হলো এক গৌরবময় অধ্যায়। জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফাজিলপুর জিন্নাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহ আলম ফেনী জেলার “শ্রেষ্ঠ প্রধান শিক্ষক” হিসেবে নির্বাচিত হওয়ায় শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। দীর্ঘ শিক্ষকতা জীবনে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দক্ষ প্রশাসনিক নেতৃত্বের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে এ সম্মাননায় ভূষিত করেন। সংশ্লিষ্ট মহলের মতে, তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং ফাজিলপুর জিন্নাহ উচ্চ বিদ্যালয় এবং সমগ্র ফেনী জেলার শিক্ষা ব্যবস্থার জন্য এক অনন্য সম্মান।
সূত্র জানায়, প্রধান শিক্ষক শাহ আলম দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের সার্বিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, নিয়মিত শিক্ষক উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলা, অভিভাবক-শিক্ষক সমন্বয় জোরদার এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠদান কার্যক্রম পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার এই গৌরবময় অর্জনে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থা ফেনী জেলা শাখার আঞ্চলিক পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী যুগ্ম মহাসচিব জনাব মোহাম্মদ হানিফ (সাংবাদিক) এবং একই সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জনাব আবুল কাশেম পৃথকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় জনাব মোহাম্মদ হানিফ বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর সেই শিক্ষার মানোন্নয়নে যাঁরা নীরবে ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন প্রধান শিক্ষক শাহ আলম তাঁদের মধ্যে অন্যতম। তার সততা, দূরদর্শী নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা তাকে এই সম্মানের যোগ্য করে তুলেছে। তিনি তার সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।অপর এক বার্তায় জনাব আবুল কাশেম বলেন, জনাব শাহ আলম একজন আদর্শ শিক্ষক, মানবিক মানুষ ও দক্ষ শিক্ষা প্রশাসক। তার মতো গুণী শিক্ষকদের স্বীকৃতি পাওয়া শিক্ষাঙ্গনের জন্য অত্যন্ত ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক। এই অর্জন ভবিষ্যতে আরও শিক্ষকদের দায়িত্বশীল ও উদ্ভাবনী কাজে উদ্বুদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় শিক্ষাবিদদের মতে, প্রধান শিক্ষক শাহ আলমের বলিষ্ঠ নেতৃত্বে ফাজিলপুর জিন্নাহ উচ্চ বিদ্যালয় বর্তমানে শিক্ষা, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম ও নৈতিক মূল্যবোধ চর্চায় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিদ্যালয়ের একাডেমিক ফলাফল উন্নতির পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক ও মানবিক গুণাবলি বিকাশেও তার ভূমিকা প্রশংসনীয়। অভিভাবক ও শিক্ষার্থীরাও জানান, প্রধান শিক্ষক শাহ আলম সবসময় শিক্ষার্থীদের প্রতি আন্তরিক, সহযোগিতাপূর্ণ ও অনুপ্রেরণাদায়ী ভূমিকা পালন করেন। নিয়মিত দিকনির্দেশনা ও পরামর্শের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি করে চলেছেন। শিক্ষা সংশ্লিষ্ট মহলের অভিমত, এই সম্মাননা ফেনী জেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে এবং শিক্ষকদের মধ্যে পেশাগত দায়বদ্ধতা ও নিষ্ঠা আরও সুদৃঢ় করবে। প্রধান শিক্ষক শাহ আলমের এই সাফল্য বিদ্যালয় পরিবারসহ এলাকাবাসীর জন্য দীর্ঘদিন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।