
মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান (চট্টগ্রাম বিভাগ)
চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত ১৮০ জন বন্দীকে স্থানান্তরের মাধ্যমে ফেনীতে চালু হয়েছে দ্বিতীয় কারাগার। জেলা শহরের পুরোনো কারাগার ভবনটি সংস্কার করে নতুনভাবে এই কারাগারটি চালু করা হয়। শনিবার আনুষ্ঠানিকভাবে ২৮ বন্দীকে স্থানান্তরের মধ্য দিয়ে ‘ফেনী কারাগার-২’ এর কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে ফেনী জেলা কারাগার-১ থেকে ২১ জন এবং লক্ষ্মীপুর জেলা কারাগার থেকে ৭ জন বন্দীকে নতুন কারাগারে স্থানান্তর করা হয়।
ফেনী কারাগারের জেল সুপার দিদারুল আলম জানান, চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলা কারাগার থেকে ধাপে ধাপে মোট ১৮০ জন বন্দীকে ফেনী কারাগার-২ এ স্থানান্তর করা হবে।
এর মধ্যে:
ফেনী জেলা কারাগার-১ থেকে ২১ জন
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ২৬ জন
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ৭৪ জন
নোয়াখালী জেলা কারাগার থেকে ১৫ জন
লক্ষ্মীপুর জেলা কারাগার থেকে ১১ জন
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে ৩৩ জন বন্দী
তিনি আরও জানান, “আগামী কয়েক দিনের মধ্যে বাকি বন্দীদেরও ধাপে ধাপে নতুন কারাগারে স্থানান্তর করা হবে।”
ফেনী কারাগার-২ চালুর ফলে চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলা কারাগারের বন্দীসংখ্যার চাপ কিছুটা কমবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একইসাথে কারাব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও মানবিকভাবে পরিচালনা সম্ভব হবে বলেও তারা আশা করছেন।