
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত সোয়ালক ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানে ১০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,বান্দরবান সদর উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোয়ালক ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়, যা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত, সেখানে সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা থেকে ফেরার পথে বিদ্যালয়টি পরিদর্শন করেন বান্দরবান ৩০০নং আসনের মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং শিক্ষার সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের অগ্রগতি ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে খোঁজখবর নেন।
সাক্ষাৎকালে তিনি বলেন, “শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসারই পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়নের মূল ভিত্তি।” তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে শক্তিশালী করা ছাড়া ভবিষ্যৎ প্রজন্ম গঠন সম্ভব নয়।
শিক্ষকরা এ সময় বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, বিশেষ করে শ্রেণিকক্ষ সংকট, শিক্ষক ঘাটতি, আবাসন সুবিধার অভাব এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরেন। সংসদ সদস্য বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতা ও উন্নয়নের আশ্বাস প্রদান করেন।
স্থানীয়দের মতে, এমন সৌজন্য সাক্ষাৎ ও পরিদর্শন শিক্ষাব্যবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।