
জীবিকার সন্ধানে গিয়ে আর ফেরা হলো না, দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃ/ত্যু
মোঃ শাহিনুর রহমান আকাশ
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পুকুরে পানি সেচের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার যুগিশো গ্রামের আঙরার বিল এলাকায় ঘটে এ হৃদয়বিদারক ঘটনা।
নিহত জাহাঙ্গীর আলম (৩২) দীর্ঘদিন ধরে স্থানীয় একটি পুকুরের দেখভালের দায়িত্ব পালন করতেন। ঘটনার দিন তিনি জলমোটরের মাধ্যমে পুকুরে পানি সরবরাহের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে বিদ্যুৎ সংযোগে অসাবধানতাবশত স্পর্শ লাগলে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা দ্রুত এগিয়ে এলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। আকস্মিক এ দুর্ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। এলাকায়ও সৃষ্টি হয়েছে গভীর বেদনার পরিবেশ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সচেতন মহল বলছে, পানি সেচ ও বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের সময় নিরাপত্তা নিশ্চিত না করলে এ ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে। তাই বৈদ্যুতিক সংযোগ ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তারা।