
পাহাড় কেটে সর্বনাশ! লামায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কাটার অপরাধে মো. লোকমান (৩৩) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
১৯ মে (মঙ্গলবার) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডিত লোকমান উপজেলার ফাঁসিয়াখালীর ইয়াংছা বাজার এলাকার সালেহ আহামদের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন জানান, বিভিন্ন সংবাদমাধ্যমে পাহাড় কাটার খবর প্রকাশের পর ঘটনাস্থলে অভিযান চালানো হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ (খ) এবং ১৫ (১)-এর ক্রমিক ৫ ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।