
নির্বাচনকে সামনে রেখে বাট্টাজোরে গণসংযোগে ব্যস্ত মুরাদুজ্জামান মুরাদ
নাজমুল রানা, জামালপুর প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি জোরদার করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুরাদুজ্জামান মুরাদ।
সোমবার বিকেলে উপজেলার বাট্টাজোর ইউনিয়নের নতুন বাজার এলাকায় সফরসঙ্গীদের নিয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় বাজারের ব্যবসায়ী, পথচারী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগ চলাকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন মুরাদুজ্জামান মুরাদ। এ সময় উপস্থিত অনেকেই এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করেন। স্থানীয়দের একটি অংশ তাঁর সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসাও করেন।
মুরাদুজ্জামান মুরাদ বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে চাই। এজন্য সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”
তিনি আরও জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাট্টাজোর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি চালিয়ে যাবেন।