
বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় মতিউর রহমান মিম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার মিম তারাগঞ্জ উপজেলার অনন্তপুর দক্ষিণপাড়া এলাকার আতাউরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, তারাগঞ্জ থানার মামলা নম্বর-১০, তারিখ ২৭ জুন ২০২৬। সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর আওতায় মামলাটি দায়ের করা হয়। পরে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে বুধবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে মিমকে গ্রেপ্তার করে।তবে মামলায় তার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে এবং গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ কী—তা তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় মতিউর রহমান মিমকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে মিম গ্রেপ্তারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এলাকাবাসীর কয়েকজন বলেন, “সাইবার অপরাধের মাধ্যমে কেউ যেন সাধারণ মানুষকে হয়রানি বা বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত।”
স্থানীয়রা আরও বলেন, সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করা হলে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
পুলিশ জানিয়েছে, সাইবার অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।