
বুলবুল হোসেন, উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):
রংপুরের তারাগঞ্জ উপজেলায় একই দিনে পৃথক দুটি হৃদয়বিদারক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে ও বিকেলে উপজেলার আলমপুর ও সয়ার ইউনিয়নে এ দুটি দুর্ঘটনা ঘটে। একই দিনে দুই নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রথম ঘটনাটি ঘটে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের চাকলা গ্রামে। নিহত শিশু সাফায়াত (২) নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাংলীপুর ইউনিয়নের হাজীপাড়া গ্রামের নবী হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সাফায়াত খালার বাড়িতে বেড়াতে এসেছিল। পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, একই দিন বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে উপজেলার সয়ার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দামোদরপুর মামুনপাড়া গ্রামে পুকুরে ডুবে মারা যায় সিদরাতুল মুনতাহা (১৯ মাস)। সে ওই গ্রামের মো. মহব্বত আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলছিল মুনতাহা। একপর্যায়ে অসাবধানতাবশত পাশের একটি ছোট পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। একটি নিষ্পাপ শিশুর এভাবে মৃত্যু পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ায় দেখা হচ্ছে।”
একই দিনে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় দুই পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্থানীয় বাসিন্দারাও এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। সচেতন মহল শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ির আশপাশের পুকুর, ডোবা ও জলাশয়ের পাশে সার্বক্ষণিক অভিভাবকের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।