
টাঙ্গাইলের মির্জাপুরে বিষাক্ত গ্যাসে ফসলহানি ও ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের মানববন্ধন ও ইউএনও কার্যালয় ঘেরাও
রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।
উপজেলার কয়েকটি অবৈধ ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে গেছে শত শত একর জমির ফসল। এর প্রতিবাদে ৩০ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ জানালেও কোন কার্যকর ব্যবস্থা না পাওয়ায় আজ মঙ্গলবার (১২মে ২০২৬) পুনরায় ক্ষতিপূরণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও এবং মানববন্ধন করেছেন স্থানীয় কয়েকশ’ কৃষক।
মির্জাপুরের বহুরিয়া ও ভাওড়া ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকার কৃষকদের চোখে এখন কেবলই অশ্রু। দীর্ঘ পরিশ্রমের ফসল যখন ঘরে তোলার সময়, ঠিক তখনই ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ৫০০ একর জমির ধান। ক্ষতিগ্রস্ত মন্দিরাপাড়া, বুধেরপাড়া, কোট-বহুরিয়া এবং সরিষাদাইড়সহ বেশ কয়েকটি গ্রামের কৃষকরা আজ রাস্তায় নেমে আসেন। তারা অভিযোগ করেন, বারবার এই এলাকাগুলোতে অবৈধ ইট ভাটার কারণে ফসলের অপূরণীয় ক্ষতি হচ্ছে।
মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা বলেন,আমরা বাঁচতে চাই। ইট ভাটার বিষাক্ত গ্যাস আমাদের স্বপ্ন পুড়িয়ে দিয়েছে। তারা অবিলম্বে সরকারি হস্তক্ষেপ ও ক্ষতিপূরণ দাবি করেন। মানববন্ধন শেষে কৃষকরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করেন এবং নিজেদের দাবি তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।