
আলীকদমে হামের প্রাদুর্ভাব: ৬ শিশু আক্রান্ত, স্বাস্থ্য বিভাগের জরুরি পদক্ষেপ।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে ৬ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, যাদের অধিকাংশই শিশু বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, দুর্গম কুরুকপাতা এলাকায় ৪ জন এবং উপজেলা সদরে ২ জন রোগীর সন্ধান পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি হওয়ায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মাঝে।
কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
ইতোমধ্যে একটি মেডিকেল টিম দুর্গম এলাকায় পাঠানো হয়েছে। আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ বলেন, আক্রান্ত ৬ জনকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি দুর্গম এলাকায়ও চিকিৎসা সেবা পৌঁছে দিতে বিশেষ মেডিকেল টিম কাজ করছে।
এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগ এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগের পরামর্শ:
শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকা প্রদান, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।