
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,
বান্দরবান জেলা প্রতিনিধিঃ
আলীকদম উপজেলায় অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ২০ জন নারীর জন্য ৩ মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সকাল ১০টা সময়,আলীকদম উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বসুন্ধরা শুভ সংঘ কমিটির প্রধান উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা বসুন্ধরা শুভ সংঘ কমিটির উপদেষ্টা ও কালের কণ্ঠ-এর লামা-আলীকদম প্রতিনিধি মোঃ তানফিজুর রহমান এবং লামা উপজেলা বসুন্ধরা শুভ সংঘ কমিটির উপদেষ্টা ও দ্য ডেইলি সান পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সাহাব উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভ সংঘ আলীকদম উপজেলা কমিটির উপদেষ্টা নুরুছাফা ভূঁইয়া বাবু, আলীকদম উপজেলা বসুন্ধরা শুভ সংঘ কমিটির উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠ মাল্টিমিডিয়া প্রতিনিধি সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, বসুন্ধরা শুভ সংঘ আলীকদম উপজেলা কমিটির সভাপতি এস এম জিয়াউদ্দিন জুয়েল, কমিটির সদস্য মোঃ আয়াতুল্লাহ ও মোঃ আরাফাত ইসলামসহ অন্যান্য সদস্য ও প্রশিক্ষণার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিন মাসব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী ২০ জন নারী বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন করবেন, যা ভবিষ্যতে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণার্থীরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বসুন্ধরা শুভ সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ তাদের পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনতে এবং আত্মনির্ভরশীল জীবন গড়ে তুলতে সহায়ক হবে।