
আলীকদমে বন্যার্তদের পাশে জেলা বিএনপি: জাবেদ রেজার নেতৃত্বে ১,২৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক
বান্দরবান পার্বত্য জেলা
বান্দরবানের আলীকদম উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বান্দরবান জেলা বিএনপি।
জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা-এর নেতৃত্বে মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দিনব্যাপী বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আলীকদম উপজেলার চৈক্ষ্যং, সদর ও নয়াপাড়া ইউনিয়নের বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
প্রথমে ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের রেফারফাড়ী বাজার, চিনারী দোকান ও চৈক্ষ্যং রাস্তার মাথা এলাকায় বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শন শেষে উপজেলা বিএনপির সহযোগিতায় ৪০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এরপর ১ নম্বর আলীকদম সদর ইউনিয়নের ফয়জুল উলুম মাদ্রাসা সংলগ্ন এলাকা এবং আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
সবশেষে ৩ নং নয়াপাড়া ইউনিয়নের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে বাগানপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ৪০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
দিনব্যাপী এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, উপজেলা বিএনপির সাবেক, আহবায়ক, মাসুক আহমেদ, আলীকদম উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টোসহ
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুচ মিয়া,
১নং সদর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি, আবুল কালাম সহ,
উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন।
ত্রাণসামগ্রী পেয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন এবং দুর্যোগের সময় পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।