
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় ১১ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মনজুর আলমের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে একজন ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ঘটনার সূত্রপাত হয় আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের বাগানপাড়া এলাকায়। নয়াপাড়া পরিবর্তন যুব সংঘ মাদকবিরোধী প্রতিরোধ কমিটির সদস্যরা জনৈক নুরুল সোফার দোকানের সামনে একজনকে সন্দেহজনক অবস্থায় আটক করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানানো হলে তিনি আলীকদম থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হন। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বেচ্ছায় ইয়াবা ও গাঁজা সেবনের কথা স্বীকার করেন। তার হেফাজত থেকে কাগজে মোড়ানো অল্প পরিমাণ গাঁজা এবং দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২(১) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগভাবে প্রক্রিয়াকরণ করা হয়।
সাজাপ্রাপ্ত ব্যক্তির পরিচয়
নাম: হারাধন দে (৩২)
পিতা: মৃত তেজেন্দ্র দে
সাং: বাজার পাড়া, ২নং ওয়ার্ড, ১নং সদর ইউনিয়ন
থানা: আলীকদম, জেলা: বান্দরবান
কারাদণ্ড প্রদানের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।