
মোঃ আমজাদ হোসেন, জেলা প্রতিনিধি, দিনাজপুর
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৭ নং আউলিয়াপুকুর ইউনিয়নে পবিত্র রমজান উপলক্ষে ৫০০ দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। বিদেশ ফাউন্ডেশন ইউএসএ’র অর্থায়নে এবং আসিয়াব সংস্থা কর্তৃক বাস্তবায়িত “সবুজপল্লী জীবিকা ও চাইল্ড ওয়েলফেয়ার প্রকল্প”-এর উদ্যোগে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
রমজানের তাৎপর্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে চাল, ডাল, ছোলা, বুট, আলু, ভোজ্যতেল, লবণ, চিনি, সেমাই ও দুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফাতেহা তুজ জোহরা, উপজেলা নির্বাহী অফিসার, চিরিরবন্দর। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ আফরোজ।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, রমজান মাসে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। এ ধরনের কার্যক্রম সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আসিয়াব সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রকল্পের আওতায় এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শিশু কল্যাণে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।