
হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের জেরে দুই হাসপাতালকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ফাইরুজ তাসনিম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের বিষয়ে মেজিস্ট্রেট বলেন, রয়েল স্পেশালিস্ট ও মেডি কেয়ার জেনারেল হাসপাতালের বিরুদ্ধে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া, সেবার মূল্য তালিকা যথাযথ না সংরক্ষণ, সেবার মান নির্ধারিত রেটের চেয়ে বেশি দাম রাখা, জীবন ও স্বাস্থ্য বিপন্নকারী কার্যক্রম এবং যত্রতত্র মূল্য নির্ধারণ, ল্যাব টেকনিশিয়ান ছাড়া নিয়মিত কর্মচারি দিয়ে সকল প্যাথলজি টেস্ট ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়।ওই সময় একটি হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করা হয়েছে।
এসব অভিযোগের ভিত্তিতে দুই হাসপাতালকে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারায় মোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো জানান, জনস্বাস্থ্য নিশ্চিতে উপজেলার অন্যান্য বেসরকারি ক্লিনিক ও হাসপাতালেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে প্রশাসনের পাশাপাশি পুলিশ, উপজেলা হাসপাতাল কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।