
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জলা প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিনব কৌশলে সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডারের ভেতরে লুকিয়ে রাখা ৫০ হাজার ৭০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আবুল কালাম (৩৯) নামে এক সিএনজি চালককে আটক করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
চেকপোস্টে তল্লাশিতে ধরা পড়ে চালান
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীন আদর্শগ্রাম চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে সিএনজিটির সিলিন্ডার নিয়ে সন্দেহ হলে সেটি পরীক্ষা করা হয়। পরে সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৫ কাটে মোট ৫০ হাজার ৭০ পিস ইয়াবা পাওয়া যায়।
পরে ইয়াবাগুলো জব্দ এবং সিএনজি চালক আবুল কালামকে আটক করা হয়।
আটক ব্যক্তি যেখানকার বাসিন্দা
আটক আবুল কালাম (৩৯) কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বড় জামছড়ি গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আবুল কাশেম বলে বিজিবি সূত্রে জানা গেছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির পিএসসি ইঞ্জিনিয়ার্স জানান, উদ্ধার করা ইয়াবা, জব্দ করা সিএনজি এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং মাদক পাচার বন্ধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
নাইক্ষ্যংছড়ি সীমান্তে সাম্প্রতিক সময়ে একাধিক বড় ইয়াবার চালান আটকের ঘটনা ঘটেছে। সর্বশেষ সিএনজির সিলিন্ডারে লুকিয়ে রাখা ৫০ হাজার ৭০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় সীমান্তপথে মাদক পাচারের নতুন কৌশলের বিষয়টি সামনে এসেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকলেও সীমান্তের দুর্গম ভূপ্রকৃতিকে কাজে লাগিয়ে মাদক পাচারের চেষ্টা বন্ধে আরও কঠোর নজরদারির প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।