
শ্রমিকদের ঢল, সোনাগাজীতে মে দিবসে রাজপথে শক্তির প্রদর্শন!
মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ।
র্যালি-আলোচনা সভায় মুখর পৌর শহর
শ্রমিক অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান নেতাদের
আন্তর্জাতিক শ্রমিক সংহতির প্রতীক মহান মে দিবস উপলক্ষে সোনাগাজীতে জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। শুক্রবার সকালে পৌর শহরের প্রধান সড়কগুলোতে শ্রমিকদের সরব উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ব্যানার-ফেস্টুন হাতে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে র্যালিটি শহর প্রদক্ষিণ করে।
পরে উপজেলা শ্রমিকদলের সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোনাগাজী পৌরসভা বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর। তিনি তার বক্তব্যে শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোল্লা মাসুদ এবং পৌরসভা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এমরান হোসেন। বক্তারা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান আরিফ, প্রচার সম্পাদক মহিন উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মফিজ পাটোয়ারীসহ বিভিন্ন ইউনিয়ন শ্রমিকদলের নেতৃবৃন্দ। তাদের মধ্যে ছিলেন নবাবপুর ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, চরচান্দিয়া ইউনিয়নের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক ডালিম, মঙ্গলকান্দি ইউনিয়নের সভাপতি সাহাব উদ্দিন শিপন, আমিরাবাদ ইউনিয়নের সভাপতি আবদুল কাইয়ুম এবং সদর ইউনিয়নের আহবায়ক শেখ ফরিদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মে দিবস শুধু একটি স্মরণ দিবস নয়, এটি শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। তারা শ্রমিকদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
দিনব্যাপী এই আয়োজন সোনাগাজীতে শ্রমিকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে জানিয়েছেন আয়োজকরা।