
লেমুয়া ব্রিজ উদ্বোধনে বিএনপির অনুপস্থিতি নিয়ে বিতর্ক, এমপি জয়নাল আবেদীনের বিব্রতবোধ
আবু বক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার ফেনী।
স্থানীয়দের অভিযোগ—দলীয় কার্যক্রম তিনজনের নিয়ন্ত্রণে, প্রতিকারের দাবি
ফেনী সদর উপজেলার ৯নং লেমুয়া ইউনিয়নের লেমুয়া বাজারে কালিদাস পাহলিয় নদীর উপর নির্মিত বহুল আলোচিত লেমুয়া ব্রিজের শুভ উদ্বোধন ঘিরে সৃষ্টি হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক জয়নাল আবেদীন, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং বর্তমান সংসদ সদস্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা-এর নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী এবং লেমুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তবে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল অত্যন্ত নগণ্য, যা উপস্থিত অনেকের নজরে আসে।
এ সময় কিছু যুবকের মুখ থেকে শোনা যায়, “লেমুয়া ইউনিয়ন বিএনপি তিনজনের কাছে বিক্রি হয়ে গেছে।” এমন মন্তব্যে অনুষ্ঠানের পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে এবং বিষয়টি উপস্থিতদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
স্থানীয়দের দাবি, ইউনিয়ন পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে স্বচ্ছতা নেই এবং একটি ছোট গোষ্ঠী দলীয় সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করছে।
এর ফলে সাধারণ নেতাকর্মীরা কার্যক্রম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। তারা দ্রুত এই পরিস্থিতির প্রতিকার এবং সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের দাবি জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এ ধরনের মন্তব্য ও পরিস্থিতিতে প্রধান অতিথি এমপি জয়নাল আবেদীন কিছুটা বিব্রতবোধ করেন বলে উপস্থিত সূত্রে জানা যায়।
যদিও তিনি সরাসরি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি, তবুও ঘটনাটি স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে এলাকাবাসীর প্রত্যাশা, নবনির্মিত এই ব্রিজ যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করবে।
তবে রাজনৈতিক অস্থিরতা দূর করে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন সচেতন মহল।