
বুলবুল হোসেন, উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):
রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকের ভয়াবহতা রোধ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার সয়ার ইউনিয়নের চিলাপাক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে চিলাপাক এলাকাবাসীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, “মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, এর পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের ভয়াবহতা থেকে তাদের রক্ষা করতে হবে।
সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেন মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি তরুণদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি করতে পরিবার ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। সমাবেশে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারাগঞ্জ উপজেলা শাখার আমির এস এম আলমগীর হোসেন, বদরগঞ্জ উপজেলার সেক্রেটারি অধ্যাপক মাওলানা মেনহাজুল ইসলাম, এমপি প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রুহুল আমিন প্রমুখ।