
সাজেদুল ইসলাম রাসেল স্টাফ রিপোর্টার বগুড়া ।
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন এবং খাদ্যপণ্যে নিষিদ্ধ উপাদান ব্যবহারের অভিযোগে একটি চিপস কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সদর উপজেলার পশ্চিম গোদারপাড়া এলাকায় ‘ভাই-বোন চিপস ফ্যাক্টরি’তে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কারখানাটিতে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন এবং ময়লাযুক্ত স্থানে চিপস শুকানোর দৃশ্য দেখতে পান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এছাড়া খাদ্যপণ্যে নিষিদ্ধ ‘সাল্টু’ মিশ্রণ এবং চিপস তৈরিতে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারেরও প্রমাণ পাওয়া যায়। কারখানার কর্মচারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও অভিযানে উঠে আসে।
এসব অনিয়ম ও অপরাধের বিষয়ে প্রতিষ্ঠানটির মালিক মোছাম্মৎ রুমী অপরাধ স্বীকার করায় তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।