
মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
ফেনী জেলার দাগনভুঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের দরাপপুর জগতপুর গ্রামে রেলওয়ে কর্মকর্তা মীর মোঃ ইমাম উদ্দিন (সেন্টু)-এর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। নিজ গ্রামে বেড়াতে গেলে একদল যুবক তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে তিনি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। ভুক্তভোগী মীর মোঃ ইমাম উদ্দিন (সেন্টু) ফেনীর হাসানপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হিসেবে কর্মরত আছেন। তিনি জানান, শনিবার দুপুরে ব্যক্তিগত কাজে নিজ গ্রামে গেলে স্থানীয় চার যুবক তার ওপর হামলা চালায়। তার ভাষ্য, “আমি কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে কিল-ঘুষি মারতে শুরু করে। আমি মাটিতে পড়ে গেলে আরও মারধর করে।” তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তার মাথা, হাত, বুক ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমি একজন সরকারি কর্মকর্তা। আমার সঙ্গে এ ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”ঘটনার পরপরই তিনি দাগনভুঞা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করে দাগনভুঞা থানার ওসি ফজলুল আজিম নোমান জানান, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার পেছনে পূর্বের কোনো বিরোধ বা ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতোমধ্যে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। এদিকে এলাকায় এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন রেল কর্মকর্তার ওপর এমন হামলার ঘটনায় স্থানীয় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।