
তারাগঞ্জে প্রতিশ্রুতি পূরণ করলেন এটিএম আজহারুল ইসলাম:
নিহত মঞ্জুরুলের পরিবারকে দিলেন সেলাই মেশিন
বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
রংপুরের তারাগঞ্জ উপজেলার নিহত ইলেকট্রিশিয়ান মঞ্জুরুল ইসলামের অসহায় পরিবারের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন রংপুর-২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
নৃশংস হত্যাকাণ্ডের শিকার মঞ্জুরুল ইসলামের মৃত্যুর পর তার স্ত্রী ও দুই শিশু সন্তান চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি যখন দিশেহারা, ঠিক তখনই দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে আজ (৭ মে ২০২৬)তাদের বাড়িতে ছুটে যান এমপি এটিএম আজহারুল ইসলাম।তিনি নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং জীবিকা নির্বাহের জন্য মঞ্জুরুলের স্ত্রীর হাতে একটি সেলাই মেশিন তুলে দেন। একই সঙ্গে নিহতের দুই সন্তানের লেখাপড়ার দায়িত্ব গ্রহণের ঘোষণাও দেন তিনি।
এ সময় শোকাহত পরিবারটির সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। স্বজন হারানোর বেদনার মাঝেও এমপির মানবিক সহানুভূতিতে কিছুটা স্বস্তি ফিরে আসে পরিবারটিতে।
এমপি এটিএম আজহারুল ইসলাম বলেন,“অসহায় মানুষের পাশে দাঁড়ানো একজন জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব। মঞ্জুরুলের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব আমি নিয়েছি। সমাজের বিত্তবানদেরও এ ধরনের পরিবারগুলোর পাশে দাঁড়ানো উচিত।”
স্থানীয়রা এমপির এ মানবিক উদ্যোগকে প্রশংসা করে বলেন, দুঃসময়ে একজন জনপ্রতিনিধির এমন সহযোগিতা সত্যিই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা আমির এস এম আলমগীর হোসেন, সেক্রেটারি মো. ইয়াকুব আলী, এমপি প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম, কুর্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মো. শাহ আলম, কাজী শামসুল হুদা, কাজী জিকরুল ইসলাম জাহিরীসহ স্থানীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হন ফরিজ উদ্দিনের ছেলে ইলেকট্রিশিয়ান মঞ্জুরুল ইসলাম। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুই দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।