
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের খাটিয়ার বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।
গতকাল (১জুন ২০২৬) দিবাগত রাতে আকস্মিক এই অগ্নিকাণ্ডে ৩টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত এবং ১টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গতকাল আনুমানিক রাত ১১টা থেকে ১২টার মধ্যে বাজারের একটি মণিহারি দোকান থেকে প্রথম আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের কসমেটিকস ও অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দোকানগুলোর মালামাল পুড়ে ছারখার হয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান,আমরা রাত ১২ টার পরে জানতে পারি। এসে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে। প্রথম আলমের ঘরে আগুন লাগে, এরপর ফারুক, সুরাব ও রাজুলের দোকানে ছড়িয়ে পড়ে। সব মিলিয়ে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার মালপত্র শেষ হয়ে গেছে।”
স্থানীয় ইউপি সদস্য ও ওয়ার্ড সাধারণ সম্পাদক বলেন, রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে আমি আসি। ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। দোকানদারদের মালামাল এবং ঘরের মালিকদের ক্ষতি মিলিয়ে প্রায় ১ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকেই ঋণ নিয়ে ব্যবসা করছিলেন। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই অসহায় পরিবারগুলোকে দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, পুড়ে যাওয়া কসমেটিক ও মণিহারি দোকানগুলোর ভেতরে কোনো কিছুই আর অবশিষ্ট নেই। ধ্বংসস্তূপের নিচে এখনো কোথাও কোথাও আগুন ও ধোঁয়া জ্বলতে দেখা যাচ্ছে। সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন দিশেহারা। স্থানীয় জনপ্রতিনিধিরা মির্জাপুর উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেছেন এবং বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান সালমান হাবীব এবং স্থানীয় নেতাকর্মীরা জায়গাটি পরিদর্শন করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।