
আলীকদমে হাম ও ডায়রিয়া পরিস্থিতি পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
আলীকদম উপজেলায় স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি ও সাম্প্রতিক হাম-ডায়রিয়া প্রাদুর্ভাব পরিদর্শনে আসেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব অধ্যাপক থানজামা লুসাই। শুক্রবার (১৫ মে ২০২৬) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম ও দুর্গম এলাকা পরিদর্শন করেন।
প্রথমে তিনি আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোহাম্মদ হানিফ- ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব সাইফুল ইসলাম রিমন, ৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ক্রাতপুং ম্রো, ম্রো ইয়ুথ অর্গানাইজেশন আলীকদম শাখার সভাপতি জনাব সেতং ম্রোসহ স্বাস্থ্য বিভাগের ডাক্তার, নার্স, ইপিআই কর্মকর্তা, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও স্থানীয় মিডিয়াকর্মীরা।
পরিদর্শনকালে জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। পরে,স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তাদের সাথে -অফিসে আয়োজিত সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন।
সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোহাম্মদ আবু হানিফ সাম্প্রতিক সময়ে উপজেলায় হাম ও ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি, চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত রোগীর মৃত্যু, অতিরিক্ত রোগীর চাপ, দুর্গম এলাকায় চিকিৎসাসেবা ও টিকাদান কার্যক্রমের বিভিন্ন সমস্যা সম্পর্কে চেয়ারম্যানকে অবহিত করেন।
পরবর্তীতে চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই সফরসঙ্গীদের নিয়ে ৪নং কুরুকপাতা ইউনিয়নের কুরুকপাতা বাজারস্থ মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন। আলোচনা সভায় তিনি দুর্গম এ এলাকায় স্থায়ী মেডিকেল ক্যাম্প অথবা কমিউনিটি ক্লিনিক স্থাপনের বিষয়ে কেন্দ্রীয়ভাবে প্রস্তাব উপস্থাপন করার আশ্বাস দেন।
এরপর তিনি হাম আক্রান্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। বিশেষ করে পোয়ামুহুরী প্রেননয় শিক্ষালয় ও সংশ্লিষ্ট হোস্টেল পরিদর্শন করেন, যেখানে হামে আক্রান্ত হয়ে তিনজন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায়।
দিনব্যাপী পরিদর্শন শষে পরে বিকেল ৩টা ৩০ মিনিটে সড়কপথে বান্দরবান জেলা সদরের উদ্দেশ্যে আলীকদম ত্যাগ করেন।