
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান
আলীকদম সেনা জোনের আওতাধীন আলীকদম-লামা অঞ্চলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের চুচিলা মার্মা পাড়ায় বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। পরিবেশ ধ্বংস ও অর্থনৈতিক অপরাধ দমনে এ অভিযানকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আলীকদম সেনা জোনের একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। জোন অধিনায়কের নির্দেশনা, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং দ্রুত মাঠপর্যায়ের সমন্বয়ের ফলে এ অভিযান সফল হয়। টহল দলটি প্রায় ২৫০ সিএফটি অবৈধ সেগুনসহ বিভিন্ন প্রজাতির কাঠ জব্দ করে, যার বাজারমূল্য প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকার বেশি। সেনাবাহিনী জানায়, দীর্ঘদিন ধরে একটি সংগঠিত চক্র সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে অবৈধ কাঠ পাচার করছিল। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের অর্থ বিভিন্ন অসামাজিক ও অবৈধ গোষ্ঠীর নিকট প্রবাহিত হওয়ায় স্থানীয় নিরাপত্তা, পরিবেশ এবং আইনশৃঙ্খলার ওপর মারাত্মক প্রভাব ফেলছিল। অভিযানের ফলে চক্রটি বড় ধরনের আর্থিক ও কৌশলগত ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানানো হয়।
জব্দ করা কাঠ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। আলীকদম সেনা জোন পরিষ্কারভাবে জানিয়েছে যে, অবৈধ কাঠ পাচার, পরিবেশ বিনষ্টকারী কার্যক্রম এবং রাষ্ট্রবিরোধী তৎপরতার বিরুদ্ধে কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এলাকাবাসীর সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে সেনাবাহিনী আরও জানিয়েছে, শান্তি, স্থিতিশীলতা ও পরিবেশ রক্ষায় জনগণের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি বজায় থাকবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।