
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক ও ভিডিওচিত্র প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৭ জানুয়ারি বিকাল ৪টায় ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ওয়াইহ্লা কারবারী (মার্মা) পাড়ায় তথ্য অফিস (লামা–আলীকদম–নাইক্ষ্যংছড়ি) এর উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলমের সভাপতিত্বে এবং তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার রাশেদুল হক রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে নির্বাচন ও গণভোট বিষয়ক সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহ আলম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আল মাহমুদ। এছাড়া উপস্থিত ছিলেন আলীকদম থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন শাহ, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম কফিল উদ্দীনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার গ্রামবাসীরা। বৈঠকে সাধারণ ভোটারদের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণের গুরুত্ব, ভোট প্রদানের পদ্ধতি, গোপন ব্যালটের তাৎপর্য এবং গণভোটের উদ্দেশ্য ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। একটি গ্রহণযোগ্য নির্বাচন ও গণভোট নিশ্চিত করতে প্রত্যেক নাগরিকের দায়িত্ব সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করা। একই সঙ্গে নারী ভোটার, নতুন ভোটার এবং প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। উঠান বৈঠকে অংশগ্রহণকারীরা নির্বাচন ও গণভোট বিষয়ে নানা প্রশ্ন উত্থাপন করেন এবং অতিথিরা সেগুলোর উত্তর দেন। আয়োজকরা জানান, আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক উঠান বৈঠক ও প্রচারমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানানো হয়।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।