
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম থানায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্কের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ বিকেল ৩টা থেকে ৪টায়, আলীকদম থানার হলরুমে UNFPA-এর সহযোগিতায় এবং আলীকদম থানা, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে, আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে আলীকদম উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম এবং আলীকদম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাসুক এলাহী।
এছাড়াও অনুষ্ঠানে আলীকদম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, আলীকদম উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা, আলীকদম প্রেস ক্লাবের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
সভায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধ, ভুক্তভোগীদের জন্য পুলিশ সার্ভিস ডেস্কের কার্যক্রম এবং আইনগত সহায়তা গ্রহণের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বক্তারা নারী, শিশু ও কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার উপস্থিত জনগণের বিভিন্ন অভিযোগ ও মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো যথাযথভাবে সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর আন্তরিকতার বিষয়টি তুলে ধরেন।