
আলীকদমে উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, মতবিনিময় সভা, অনুদান বিতরণ ও পোয়ামুহুরী সীমান্ত সফরে এমপি সাচিং প্রু জেরী।
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় উন্নয়ন, জনকল্যাণ ও সীমান্তবর্তী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আলীকদম উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও নতুন হলরুমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম-এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে বিগত ১৭ বছরে রাজনৈতিক মামলা-হামলার শিকার বিএনপির নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, আলীকদমসহ পুরো বান্দরবানকে একটি আধুনিক, সমৃদ্ধ ও সম্ভাবনাময় জনপদ হিসেবে গড়ে তুলতে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, পর্যটন, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, উন্নত শিক্ষা ব্যবস্থা, আধুনিক কৃষি, টেকসই সড়ক যোগাযোগ, জনকল্যাণমূলক অবকাঠামো নির্মাণ এবং পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নই তাঁর অন্যতম লক্ষ্য।
জনগণের অংশগ্রহণ ও সরকারি উন্নয়ন কার্যক্রমের সমন্বয়ে একটি নিরাপদ, সমৃদ্ধ ও উন্নয়নবান্ধব আলীকদম গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সভা শেষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ৪ হাজার টাকা করে আর্থিক অনুদান বিতরণ করা হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহায়তায় ৮টি প্রতিষ্ঠানের অনুকূলে মোট ৪ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়।
পরে সংসদ সদস্য উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের সীমান্তবর্তী পোয়ামুহুরী এলাকায় যান।
সেখানে হামে আক্রান্ত ও মৃত পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ এবং জনসচেতনতামূলক আলোচনা সভায় অংশগ্রহণ করেন। একই সফরে তিনি পেন নয় শিক্ষা আশ্রম পরিদর্শন করেন। আশ্রমের শিক্ষকরা শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত সংকট, আবাসন ব্যবস্থা ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা তুলে ধরলে সংসদ সদস্য বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের আশ্বাস দেন।
পোয়ামুহুরী এলাকার শেষ সীমান্তে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম। বক্তব্যে তিনি সীমান্তবর্তী ম্রো জনগোষ্ঠীর শিক্ষা, কৃষি, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পোয়ামুহুরীকে কেন্দ্র করে একটি জিপগাড়ি স্টেশন স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি সীমান্ত সড়ক নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের প্রশংসা করে তিনি বলেন, দুর্গম অঞ্চলের উন্নয়ন ও জনসেবায় এ সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এছাড়াও আলীকদম ম্রো কল্যাণ ছাত্রাবাসের প্রতিষ্ঠান পরিচালক ইয়ং লক ম্রো বক্তব্যে বলেন, বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা, জীবনমান ও আর্থ-সামাজিক উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরীর উন্নয়ন উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষা, অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে এসব উদ্যোগ পার্বত্য অঞ্চলের মানুষের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম শুধু শহরকেন্দ্রিক নয়; প্রত্যন্ত ও সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান উন্নয়নেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের ঘোষিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং জনগণের সহযোগিতায় এসব উদ্যোগ আরও সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।