
মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান চট্টগ্রাম | প্রভাহ নিউজ24 | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
ফেনীতে আওয়ামী লীগ নেতাকে নিয়ে ‘মামলা বাণিজ্যের কল রেকর্ড’ ফাঁস হওয়ার ঘটনায় সমালোচনার মুখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) আজিজুর রহমান রিজভীকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।
বুধবার রাতে এনসিপির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজিজুর রহমান রিজভীর বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। তার আচরণ সংগঠনের নীতিবিরুদ্ধ হওয়ায় তাকে দলের সব দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
একই সঙ্গে তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যা জমা দিতে হবে শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল-আমিন বরাবর।
শনিবার রাতে সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুকে রিজভীর সঙ্গে ফেনী জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান সাজুর ঘনিষ্ঠ এক ব্যক্তির কথোপকথনের অডিও প্রকাশ করেন।
ওই রেকর্ডে রিজভীর বিরুদ্ধে মামলা বাণিজ্যের ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাজুকে কারামুক্ত করার বিষয়ে রিজভীর সঙ্গে এক মোহাম্মদ মমিন নামে ব্যক্তির কথোপকথন হয়। সেখানে রিজভীকে বলতে শোনা যায়— “ও চাইলে আমাকে এক কোটি, দুই কোটি টাকাও দিতে পারে—৩০ লাখ টাকার গল্প কেন ছড়ায়?” এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়।
রিজভী বলেন, “একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর পর বিষয়টি আমি কেন্দ্রীয় কমিটিকে জানাই। তারা আমাকে চার দিনের জন্য শোকজ করেন। এখন আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। আমি কোনো অপরাধের সঙ্গে জড়িত নই।”
দলীয় সূত্রে জানা গেছে, কল রেকর্ড ফাঁসের পর সংগঠনের ভাবমূর্তি রক্ষায় কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত নেয়।