দেশীয় একনলা বন্দুক, তাজা কার্তুজ ও গুলির খোসা উদ্ধার, একাধিক মামলার আসামি আটক
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের একজন দুর্ধর্ষ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মাননীয় পুলিশ সুপার, বান্দরবান মহোদয়ের নির্দেশনায় এবং নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) সতেজ বড়ুয়া, এএসআই (নিঃ) রনজিৎ চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স। গত ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, শুক্রবার রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে নাইক্ষ্যংছড়ি থানাধীন ২নং বাইশারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হরিণখাইয়া ব্রিজ সংলগ্ন শিয়াপাড়া এলাকা থেকে অভিযুক্ত আমির হামজা (৫৭)কে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আশরাফুজ্জামানের পুত্র এবং করলিয়ামুরা এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ এবং নয়টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আমির হামজার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। স্থানীয়রা পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে অপরাধ দমনে এ ধরনের তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।







