
মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফেনীতে এতিম শিশুদের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ফেনী জেলা শাখার উদ্যোগে এ মানবিক আয়োজন করা হয়। সম্প্রতি ফেনীর পাগলা মিয়া এতিমখানা মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মানবিকতা, সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংস্থাটি এ উদ্যোগ গ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ফেনী জেলা শাখার সভাপতি মোহাম্মদ ফেরদৌস কোরাইশী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি মোহাম্মদ হানিফ, প্রবাহ নিউজ ২৪-এর স্টাফ রিপোর্টার আবু বক্কর ছিদ্দিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভাপতির বক্তব্যে মোহাম্মদ ফেরদৌস কোরাইশী বলেন, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পবিত্র রমজান আমাদের ধৈর্য, সংযম ও মানবতার শিক্ষা দেয়। তাই এই মাসে এতিমদের সাথে ইফতার করার মাধ্যমে আমরা তাদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশ করতে চাই।
প্রধান অতিথি আলাল উদ্দিন আলাল বলেন, সমাজের প্রতিটি বিত্তবান ও সচেতন মানুষের উচিত এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তিনি সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ফেনী জেলা শাখার এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। বক্তারা বলেন, সমাজের উন্নয়ন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করতে হবে। বিশেষ করে শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা সবার দায়িত্ব। ইফতারের আগে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে অতিথিরা এতিম শিশুদের সঙ্গে একসাথে ইফতার করেন এবং এতিমখানার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।