
জিল্লুর রহমান ( বিশেষ প্রতিনিধি )
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই নেতার সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে এ রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘটিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম-১ আসনে বিএনপির প্রার্থী হতে আগ্রহী সাবেক জেলা বিএনপি নেতা সাইফুর রহমান রানা এবং তরুণ নেতা ডা. ইউনুছের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই এ সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। অভিযোগ রয়েছে, বর্তমান জাতীয় পার্টি নেতা ও রায়গঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আরিফুজ্জামান দ্বীপের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। ২ অক্টোবর সন্ধ্যায় চেয়ারম্যান দ্বীপের নির্দেশে যুবদল নেতা রবিউল ইসলাম রনি ও খাইরুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালানো হয়। পরে তাদের জোর করে দ্বীপের বাড়িতে আটকে রাখা হয় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গেলে আবারও হামলার শিকার হন তারা। এ সময় ছাত্রদল নেতা আরিফ সরকারের পায়ের রগ কেটে যায় এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।
আহতরা হলেন— মজিবর রহমান (৬৭) ছাত্রদল নেতা আরিফ (২৫) খায়রুল (৩২) যুবদল নেতা রবিউল ইসলাম রনি (৩৪) জাকির হোসেন ফজু (৫০) গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর দুজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।