
আঃ হালিম আতিক
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলে চাঁদাবাজি, সন্ত্রাস, অবৈধ দখলদারি ও মাদক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে এ মহড়া পরিচালিত হয়। পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় আয়োজিত এ মহড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অপরাধ প্রতিরোধে জোরালো পদক্ষেপ গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
মহড়াকালে পুলিশ সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল জোরদার, চেকপোস্টে তল্লাশি কার্যক্রম বৃদ্ধি এবং সন্দেহভাজন কার্যকলাপের ওপর নজরদারি পরিচালনা করেন। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে অপরাধবিরোধী সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, ডিবি (উত্তর) ওসি এ.বি.এম. এস দোহাসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, “মহড়ার মূল উদ্দেশ্য ছিল চাঁদাবাজি, সন্ত্রাস, অবৈধ দখলদারিত্ব ও মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি। নিয়মিত টহল বৃদ্ধি ও গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকিং জোরদার করা হয়েছে।” তিনি আরও বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, অবৈধ দখলদারি ও মাদক সংক্রান্ত যে কোনো তথ্য জানাতে জনসাধারণকে সরাসরি পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।