
আঃ হালিম আতিক
জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক, হেলপার ও তাদের এক সহযোগীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি দুপুরে টাঙ্গাইলের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বাসচালক মো. আলতাফ (২৫), সহকারী মো. সাগর (২৪) এবং চালকের সহযোগী মো. রাব্বি (২১)। পুলিশ জানায়, আলতাফের বাড়ি দিনাজপুর, সাগরের বাড়ি ফরিদপুর এবং রাব্বির বাড়ি হবিগঞ্জ জেলায়।
মধুপুর-এলেঙ্গা হাইওয়ে থানার এসআই মাহবুবুর রহমান জানান, মহাসড়কে ডিউটিরত অবস্থায় করটিয়া এলাকার একটি হোটেলে নাস্তা করছিলেন পুলিশ সদস্যরা। ওই সময় একটি বাস সেখানে থামে এবং বাসের চালক-হেলপার ও এক তরুণী নাস্তা করতে নামেন। পুলিশ উপস্থিতি টের পেয়ে চালক ও হেলপার কৌশলে মেয়েটিকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় এক ব্যক্তি বাসের কাছে ছিনতাই হচ্ছে বলে চিৎকার করে সরে গেলে পুলিশের সন্দেহ হয়। পরে বাসটির কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে ওই কলেজছাত্রী কান্নায় ভেঙে পড়ে ঘটনার বিস্তারিত জানান। তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করে ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
ওসি যা বললেন
মধুপুর-এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ জানান, বুধবার ১৪ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে মিরপুর সরকারি বাংলা কলেজের দর্শন বিভাগের এক ছাত্রী (২৬) ঢাকার রেডিও কলোনি থেকে আশুলিয়ার উদ্দেশ্যে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। তখন বাসে মাত্র দুইজন যাত্রী ছিলেন। পরবর্তীতে যাত্রীরা নেমে গেলে অভিযুক্তরা ওই কলেজছাত্রীকে জোরপূর্বক আটকে রাখে। এ সময় তার কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এরপর বাসটি বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে রাতভর তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় এবং সেই দৃশ্য ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় বাসটি সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশ থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে পুরো ঘটনা প্রকাশ্যে আসে। আইনি ব্যবস্থা
পুলিশ জানায়, ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও নিরাপত্তা দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।