
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান প্রতিনিধি
বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে আলীকদমে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ সকালে আলীকদম উপজেলা নির্বাচন অফিসের ব্যবস্থাপনায় আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণের পূর্বপ্রস্তুতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়, ভোটারদের সহায়তা প্রদান, ভোটগ্রহণ চলাকালীন করণীয় এবং ভোটগ্রহণ শেষে দায়িত্ব পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর আবুল হাসান পলাশ পিএসসি (উপ-অধিনায়ক, ৩১ বীর), ক্যাপ্টেন মোহাম্মদ আলী তাওহীদ (জোনাল স্টাফ অফিসার, আলীকদম জোন), মনজুর আলম (উপজেলা নির্বাহী অফিসার, আলীকদম), শিমুল শর্মা (বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা), মোঃ আমজাদ হোসেন (ওসি তদন্ত, আলীকদম থানা)সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের ক্ষেত্রে সকল কর্মকর্তাকে নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানানো হয়।
কর্মশালায় উপজেলা নির্বাচন কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রশিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দক্ষতা আরও বৃদ্ধি পাবে এবং আসন্ন নির্বাচনে তারা সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।