
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি | Probaho News24
২২ নভেম্বর ২০২৫
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলমের নেতৃত্বে পরিচালিত পৃথক মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে তিন মাদককারবারিকে আটক করে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আলীকদম থানা পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা প্রদান করেন।
অভিযানের সময় ইয়াবাসহ মো. শাকিল (২২)-কে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে মোবাইল কোর্ট তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করে।
তার জবানবন্দির ভিত্তিতে ফারজানা জান্নাত মুক্তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা সেবনের উপকরণ ও আনুমানিক ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
রাতের দ্বিতীয় ধাপের অভিযানে উপজেলার ৫নং ওয়ার্ড বাগানপাড়া এলাকা থেকে ইয়াবাসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়। আটকরা হলেন—
• আলী হোসেন (২৮) • আবু রায়হান (৩০)
আলী হোসেনের গলায় পেঁচানো রুমাল থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোবাইল কোর্ট তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে ১ বছর ১০ মাস কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন—
“মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আলীকদমকে মাদকমুক্ত করতে হলে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের কাছে সঠিক তথ্য দিলে মাদক নির্মূল করা সম্ভব।”
তিনি আরও জানান, আগামীতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় এলাকাবাসী ইউএনও’র এই কঠোর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন—
“মাদকবিরোধী অভিযানের কারণে এলাকার নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি পেয়েছে। নিয়মিত অভিযান আরও জোরদার হওয়া উচিত।”
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।