1. thpshopbd@gmail.com : admin :
অনিয়মে নাজেহাল আলীকদম বাজার: সেনা জোন ও উপজেলা প্রশাসনের জরুরি মনিটরিং অভিযান - probahonewstv
June 14, 2026, 8:29 pm

অনিয়মে নাজেহাল আলীকদম বাজার: সেনা জোন ও উপজেলা প্রশাসনের জরুরি মনিটরিং অভিযান

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Wednesday, December 31, 2025
  • 257 Time View
আলীকদম বাজারে অনিয়মের বিরুদ্ধে সেনা জোন ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান, ১৬ দোকানে জরিমানা, আদায় ৩৭,৫০০ টাকা।

উপশিরোনাম: ফুটপাত দখল, অবৈধ স্থাপনা ও খাদ্য নিরাপত্তাহীনতায় ১৬ দোকানে মামলা, জরিমানা ৩৭,৫০০ টাকা

 মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান জেলা প্রতিনিধি 

বান্দরবানের আলীকদম বাজারে দীর্ঘদিনের চলমান অনিয়ম, ফুটপাত দখল, অবৈধ স্থাপনা নির্মাণ এবং খাদ্য নিরাপত্তাহীনতার বিরুদ্ধে যৌথভাবে জরুরি মনিটরিং অভিযান পরিচালনা করেছে আলীকদম সেনা জোন ও উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন আলীকদম সেনা জোনের কর্মকর্তা ক্যাপ্টেন শাদমান সাকিব এবং আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মনজুর আলম।

অভিযানের শুরুতেই বাজার সংলগ্ন ফুটপাত ও সড়কের ওপর দখল করে গড়ে ওঠা দোকানপাট, অস্থায়ী স্থাপনা এবং বিশৃঙ্খল বাজার ব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর নজরদারি চালানো হয়। অবৈধ দখলদারদের দ্রুত দখলমুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয় এবং একাধিক অনিয়মিত দোকান চিহ্নিত করা হয়। সেনা জোনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, বাজারের স্বাভাবিক শৃঙ্খলা বিনষ্ট করে কেউ অনিয়ম চালিয়ে গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকান পরিদর্শন করা হয়। পরিদর্শনে কয়েকটি প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন রান্নাঘর, খাবার সংরক্ষণে অব্যবস্থা এবং নোংরা পরিবেশে বাসনপত্র ব্যবহারের মতো গুরুতর অনিয়ম ধরা পড়ে। এসব প্রতিষ্ঠানের মালিকদের তাৎক্ষণিকভাবে মৌখিক সতর্কবার্তা দেওয়া হয় এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট ১৬টি দোকানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে নাসির উদ্দীন সওদাগরের দোকানকে ৭,৫০০ টাকা, ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী ১০টি দোকানকে ২,৫০০ টাকা করে মোট ২৫,০০০ টাকা এবং ভোক্তা অধিকার আইনের আওতায় ৫টি দোকানকে ১,০০০ টাকা করে মোট ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সর্বমোট ৩৭,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। স্থানীয়রা সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আলীকদম বাজারে দীর্ঘদিন ধরে চলমান বিশৃঙ্খলা, ফুটপাত দখল এবং খাদ্য নিরাপত্তাহীনতা দূর করতে এ ধরনের অভিযান অত্যন্ত জরুরি। তারা জনস্বার্থ রক্ষা ও একটি পরিষ্কার, নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

See also  ঝড়ে দোকানপাট বিধ্বস্ত, ঈদের কেনাকাটায় প্রভাব

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category