
আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারা দেশে গণসংযোগ ও মতবিনিময় কার্যক্রম জোরদার করেছে। এরই অংশ হিসেবে ফেনী সদর উপজেলার ১০নং মডেল ছনুয়া ইউনিয়নে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের প্রায় দুই হাজার সনাতন ধর্মাবলম্বী ভোটারের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারীও উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীর পরিকল্পনা এবং ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে বিশদভাবে আলোচনা করেন।
বক্তারা বলেন,
“বিএনপি সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে। জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও সমঅধিকারই আমাদের রাজনীতির মূল ভিত্তি।”
তারা আরও উল্লেখ করেন, বিএনপির শাসনামলে সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সুযোগ-সুবিধা ভোগ করেছিলেন, যা বর্তমানে প্রায় বিলুপ্ত।
মতবিনিময়ে অংশ নেওয়া স্থানীয় সনাতন প্রতিনিধিরা বলেন,
“বিএনপির আমলে আমরা নিরাপদে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারতাম। এখন সেই পরিবেশ আর নেই। আগামী নির্বাচনে আমরা আবারও ধানের শীষের পক্ষে থাকব।”
স্থানীয় নেতারা জানান, বিএনপি আগামী নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। দেশের প্রতিটি ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের নিরাপত্তা, মর্যাদা ও উন্নয়ন নিশ্চিত করাই দলের মূল অঙ্গীকার।
“জনগণের প্রত্যাশা পূরণে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়তে চায়।”