
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বান্দরবানের আলীকদম সেনা জোনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) আনুমানিক সকাল ১১টায় আলীকদম জোনের ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন এলাকার সর্বমোট ৫০টি সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারের মাঝে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় মানুষের মাঝে কিছুটা স্বস্তি ও আনন্দ পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসজিপি, পিএসসি।
এসময় আরও উপস্থিত ছিলেন আলীকদম জোনের উপ-অধিনায়ক, জোনাল স্টাফ অফিসার (জেডএসও) এবং জোনের অন্যান্য সেনা সদস্যরা। বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যসহ ঈদ উপলক্ষে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ। এসব সামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো ঈদের আনন্দ কিছুটা হলেও স্বস্তির সঙ্গে উদযাপন করতে পারবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক দায়িত্ববোধ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। স্থানীয় জনগণ এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আলীকদম সেনা জোন নিয়মিতভাবে স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।