1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে জাল নোট তৈরি করে বাজারে ছড়ানোর চেষ্টা, যুবক আটক - probahonewstv
April 26, 2026, 10:49 am

ফেনীতে জাল নোট তৈরি করে বাজারে ছড়ানোর চেষ্টা, যুবক আটক

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Saturday, March 14, 2026
  • 115 Time View
ফেনীতে জাল নোট তৈরি করে বাজারে ছড়ানোর চেষ্টা, যুবক আটক

গ্রাফিকস ডিজাইন শিখে জাল নোট তৈরি, বাজারে গিয়ে ধরা যুবক

মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ

ফেনীর রানিরহাটে কেনাকাটার সময় ধরা পড়ে ফারুক; বাসা ও দোকান থেকে উদ্ধার ১ লাখ ২৫ হাজার টাকার বেশি জাল নোট, কম্পিউটার-প্রিন্টার জব্দ গ্রাফিকস ডিজাইন শেখার পর নিজেই জাল নোট তৈরি করে বাজারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এক যুবক। তবে শেষ পর্যন্ত স্থানীয় এক দোকানির সতর্কতায় ধরা পড়ে যান তিনি। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় তার কাছ থেকে জাল নোট এবং জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রানিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. ফারুক আহম্মেদ ভূঁইয়া (৩৭)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার বাসিন্দা এবং মো. আলী আহাম্মদ ভূঁইয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রানিরহাট এলাকায় ফারুক জাল টাকা দিয়ে বিভিন্ন দোকানে কেনাকাটা করার চেষ্টা করছিলেন।

এ সময় এক দোকানি তার দেওয়া নোটে সন্দেহ হলে ভালোভাবে পরীক্ষা করে দেখেন সেটি জাল। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন তাকে আটক করেন এবং পরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। পুলিশের তল্লাশিতে ফারুকের কাছ থেকে এক হাজার, পাঁচশ, দুইশ, একশ ও ২০ টাকার নোটসহ মোট ৫ হাজার ৬২০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দাগনভূঞা উপজেলার কৌরাস মুন্সীরহাট বাজারে অবস্থিত ‘পিক অ্যান্ড পে’ নামের একটি দোকান এবং রাজাপুর ইউনিয়নের একটি ভাড়া বাসায় অভিযান চালায়। অভিযানে ওই বাসা থেকে আরও ১ লাখ ২৫ হাজার ৩৬০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পাশাপাশি জাল নোট তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার, পেনড্রাইভসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। শুক্রবার দুপুরে ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

See also  পাহাড়ে সেনাবাহিনীর উপস্থিতি: নিরাপত্তা, উন্নয়ন ও জনকল্যাণের অগ্রদূত

তিনি বলেন, ফারুক ঢাকার একটি কলেজ থেকে মার্কেটিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। চাকরি না পেয়ে পরে গ্রাফিকস ডিজাইনের বিভিন্ন কোর্স করেন এবং একটি প্রিন্টিংয়ের দোকানে কাজ শুরু করেন। সেখানে কাজ করার সময় তিনি ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইট দেখে জাল নোট তৈরির কৌশল শিখে ফেলেন। পুলিশের ধারণা, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে জাল টাকা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি এসব নোট তৈরি করে মজুত করেছিলেন। ঈদের সময় লেনদেন বেশি হওয়ায় জাল নোট সহজে বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল তার। এ বিষয়ে ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজীম জানান, গ্রেপ্তার ফারুকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পুলিশ কর্মকর্তারা জানান, ঈদকে সামনে রেখে জাল নোটের বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে লেনদেনের সময় টাকা ভালোভাবে যাচাই করার আহ্বান জানানো হয়েছে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category