
মোঃ শাহিনুল খান পলাশ,পাবনা প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশে পাবনার বেড়া সরকারি বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আশরাফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান।
সকাল ৮টা থেকেই শিক্ষার্থীরা দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফসহ বিভিন্ন ইভেন্টে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। মোট ৩০টি ইভেন্টে অংশগ্রহণকারী ৯০ জন শিক্ষার্থী বিজয় অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ধরে রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আনন্দঘন ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।