
মোঃ শামীম পটুয়াখালী
গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শামছুল হকের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে শহরের পোস্ট অফিস রোডে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে বিচারকের বাসভবনের দিকে ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে আশপাশের এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শামছুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনো শনাক্ত করা যায়নি।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুরো এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার কারণ ও দুর্বৃত্তদের পরিচয় উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।