
রিহান সিকদার, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ঘটে গেছে এক নির্মম ও হৃদয়বিদারক হত্যাকাণ্ড। রাতের নিস্তব্ধতায় নিজ ঘরেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এক বৃদ্ধ দম্পতিকে। হত্যার পর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় শোক, আতঙ্ক ও তীব্র ক্ষোভ বিরাজ করছে। নিহতরা হলেন বাসাইল উপজেলার গোসাখালী গ্রামের বাসিন্দা ঠান্ডু মিয়া (৭৫) ও তার স্ত্রী রিজিয়া বেগম (৭০)। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, জমিতে কাজ করানোর জন্য করটিয়া এলাকা থেকে উত্তরাঞ্চলের কয়েকজন দিনমজুর শ্রমিককে বাড়িতে এনে রাখেন ঠান্ডু মিয়া। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই শ্রমিকরাই রাতের আঁধারে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, গত রাতে শ্রমিকরা ওই বাড়িতেই অবস্থান করছিল। একপর্যায়ে ঠান্ডু মিয়া পেটে ব্যথার কথা জানালে তারা নিজেদের সঙ্গে থাকা ওষুধ খেতে দেয়। সকালে দম্পতি ঘুম থেকে না উঠলে প্রতিবেশীরা সন্দেহ করেন। ঘরে ঢুকে দেখা যায়, দু’জনই বিছানায় নিথর পড়ে আছেন এবং ঘরের জিনিসপত্র এলোমেলো। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত দম্পতির নাতি কান্নাজড়িত কণ্ঠে বলেন, রাতে তিনি বাড়ির বাইরে মোবাইলে গেম খেলছিলেন। তখন শ্রমিকদের ঘরে যাতায়াত করতে দেখে সন্দেহ হলে তারা দাদার পেটে সমস্যা রয়েছে বলে জানায়। সকালে উঠে তিনি দেখেন বাড়িতে মানুষের ভিড়। ঘরে ঢুকে দাদু-দাদির গলায় উড়না পেঁচানো দাগ দেখতে পান।
তিনি বলেন, তারা ঠান্ডা মাথায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। স্থানীয়দের দাবি, হত্যার পর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে শ্রমিকরা পালিয়ে গেছে। যে ঘরটি একসময় ছিল নিরাপত্তা ও বিশ্বাসের প্রতীক, সেখানেই এমন করুণ মৃত্যু এলাকাবাসীকে স্তব্ধ করে দিয়েছে।দিনমজুর শ্রমিকের হাতে মালিকের প্রাণহানির এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং মানবিক মূল্যবোধের ভয়াবহ অবক্ষয়ের প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।