
আবু বক্কর ছিদ্দিক,স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফেনীতে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ফেনী সদর উপজেলা ও ফেনী পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই মিছিলটি ফেনী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।আনন্দ মিছিলে ফেনী জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, বিপ্লবী সদস্য সচিব মোঃ নঈম উল্যাহ চৌধুরী এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি বেলাল হোসেনের নেতৃত্বে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো রাজপথ মুখরিত হয়ে ওঠে।
মিছিলে অংশগ্রহণকারীরা জাতীয় ও দলীয় পতাকা বহন করেন এবং তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন। সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত এই আনন্দ মিছিলটি ফেনী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। তারা আরও বলেন, বিএনপি অতীতেও জনগণের অধিকার রক্ষায় রাজপথে ছিল এবং আগামীতেও গণতন্ত্র ও ভোটাধিকারের প্রশ্নে আপসহীন ভূমিকা পালন করবে।নেতৃবৃন্দ ফেনী জেলা যুবদলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আনন্দ মিছিল সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।