1. thpshopbd@gmail.com : admin :
শীতের সবজিতে বাজার ভরপুর, তবু ক্রেতা নেই - probahonewstv
April 27, 2026, 5:26 pm

শীতের সবজিতে বাজার ভরপুর, তবু ক্রেতা নেই

মোঃ রেজাউল হক রহমত,ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : Monday, December 22, 2025
  • 163 Time View
শীতের সবজিতে বাজার ভরপুর, তবু নবীনগর সদর বাজারে কমছে ক্রেতা। সরবরাহ বাড়লেও বিক্রি কম—লোকসানে পড়ছেন ব্যবসায়ীরা।

নবীনগর সদর বাজারে বিক্রেতাদের হতাশা

মোঃ রেজাউল হক রহমত,ব্রাহ্মণবাড়িয়া
শীত মৌসুম এলেই সবজির বাজারে নেমে আসে বৈচিত্র্য। লালশাক, পালংশাক, ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুনসহ নানা ধরনের শীতকালীন সবজিতে ভরে ওঠে বাজার। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সদর বাজারে সবজির প্রাচুর্য থাকলেও ক্রেতার উপস্থিতি তুলনামূলকভাবে কম। সরেজমিনে নবীনগর সদর বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ দোকানে শাকসবজির স্তূপ থাকলেও সকাল দশটার পর ক্রেতা চোখে পড়ে না বললেই চলে। বিক্রেতারা জানান, বর্তমানে সবজির দাম আগের তুলনায় অনেক কম। এর অন্যতম কারণ হিসেবে তারা উল্লেখ করেন, আমদানি বেড়েছে এবং উপজেলার আশপাশের গ্রামগুলো থেকে প্রতিদিন বিপুল পরিমাণ দেশি সবজি বাজারে আসছে। ফলে সরবরাহ বেড়েছে, কিন্তু সেই অনুপাতে ক্রেতা বাড়েনি। একাধিক সবজি বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, ভোরবেলায় বাজারের চিত্র একেবারেই আলাদা। তখন আশপাশের গ্রাম থেকে আসা টাটকা দেশি সবজিতে বাজার ভরে যায় এবং ক্রেতারাও ভিড় জমায়। অনেকেই ভোরেই বাজার সেরে ফেলেন, কারণ সে সময় কম দামে ভালো মানের শাকসবজি পাওয়া যায়।

এছাড়া উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় গড়ে ওঠা ছোট ছোট ‘বউবাজার’ বড় বাজারে ক্রেতা কমে যাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। এসব বাজারে নিত্যপ্রয়োজনীয় শাকসবজি সহজেই পাওয়ায় অনেক ক্রেতাই আর সদর বাজারমুখী হচ্ছেন না। বিক্রেতারা জানান, সারাদিন দোকান খোলা রেখেও কাঙ্ক্ষিত বিক্রি হচ্ছে না। এতে লাভের বদলে অনেক সময় লোকসান গুনতে হচ্ছে তাদের। সব মিলিয়ে শীতকালীন সবজিতে বাজার ভরপুর থাকলেও ক্রেতা সংকটে পড়েছেন নবীনগর সদর বাজারের সবজি ব্যবসায়ীরা। তারা আশা করছেন, সামনে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে এবং বাজারে আবারও ফিরবে ক্রেতার চেনা কোলাহল।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  “চলাচলের সঙ্কটেই অমানবিক পরিস্থিতি, মহিপালে দেয়াল ভেঙে লাশ বের”

Please Share This Post in Your Social Media

More News Of This Category