
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হলো ২য় বার্ষিক ওয়াজ মাহফিল। ভবানীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে গড়ে ওঠা তরুণদের সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন দশ টাকার হাসি মানব কল্যাণ সংঘের উদ্যোগে বুধবার বাদ মাগরিব থেকে গভীর রাত পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হয়।
হাফেজ মাওলানা মোঃ সাফিকুল ইসলামের সঞ্চালনায় এবং অধ্যক্ষ হযরত মাওলানা মোঃ আব্দুল্লাহ তোতা মিয়ার সভাপতিত্বে মাহফিলে ধারাবাহিকভাবে ওয়াজ ও নসিহত পেশ করেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা বিল্লাল হোসেন ভবানীপুরীসহ একাধিক পরিচিত ইসলামী বক্তা। পবিত্র কুরআন ও হাদিসের আলোকে তারা সমাজে নৈতিকতা, মানবিকতা ও সৎ পথের গুরুত্ব তুলে ধরেন।
ওয়াজের বিরতিতে মুফতি আব্দুল্লাহর পরিবেশিত ইসলামী সংগীত উপস্থিত মুসল্লিদের হৃদয় স্পর্শ করে। মাহফিলস্থল ছিল ভক্ত-শ্রোতাদের উপচে পড়া ভিড় ও ধর্মীয় আবহে মুখর।
স্থানীয়রা এ উদ্যোগকে অভিনন্দন জানিয়ে বলেন, এ যুগে অনেক তরুণ সংগঠন কনসার্ট বা সাংস্কৃতিক বিনোদনের দিকে ঝুঁকলেও দশ টাকার হাসি মানব কল্যাণ সংঘ ধর্মীয় ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজে উদাহরণ সৃষ্টি করেছে। তাদের এ আয়োজনে এলাকায় ইতিবাচক মনোভাবের জন্ম হয়েছে।
মাহফিল শেষে সংগঠনের প্রবাসী সদস্যদের সুস্থতা, স্বাবলম্বী জীবন এবং সংগঠনের সাফল্যের জন্য বিশেষ দোয়া করা হয়।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।