
আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
ফেনীর সোনাগাজী উপজেলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় অধ্যয়নরত শিশু শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের প্রথম দিনে নতুন বই বিতরণ করা হয়েছে। আনন্দঘন পরিবেশে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিগ্যান চাকমা। শিশুদের হাতে বই তুলে দিতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুরাও শিক্ষার মূলধারায় যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে।”
তিনি আরও যোগ করেন, “শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকার শিক্ষাবান্ধব নানা কর্মসূচি বাস্তবায়ন করছে, যার সুফল ভবিষ্যতে জাতি হিসেবে আমরা ভোগ করব।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রকল্পের শিক্ষকগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা। বক্তারা জানান, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে সহায়ক হচ্ছে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং নিয়মিত পড়াশোনা করার অঙ্গীকার করে। উল্লেখ্য, সরকারের ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মাধ্যমে সোনাগাজী উপজেলার বিভিন্ন মসজিদে শিশুদের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা প্রদান করা হচ্ছে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।