
গাইবান্ধা প্রতিনিধি মোঃ বেলাল মিয়া।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সরকারি রাস্তার পাশে দীর্ঘদিনের পুরোনো একটি গাছ কেটে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খোর্দ্দ রসুলপুর গ্রামের গাছু পাড়া এলাকার বড় রাস্তার পাশে। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি ওই রাস্তার পাশে কয়েক যুগ আগে রোপণ করা একটি বড় গাছের ছাল কেটে ফেলা হয়েছে। অভিযোগ রয়েছে, গাছটি সম্পূর্ণরূপে মেরে ফেলার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ কাজ করা হয়েছে, যাতে গাছটি আর বেঁচে না থাকে। স্থানীয়দের দাবি, গাছটির প্রস্থ প্রায় ১০ ফুটের বেশি হলেও প্রায় ৩ ফুট অংশ কেটে ফেলা হয়েছে। অভিযোগে বলা হয়, গাছটি মোঃ ফুল মিয়ার বাড়ির সামনে অবস্থিত। স্থানীয়দের ভাষ্যমতে, তার পরিবারের পক্ষ থেকেই গাছটি কাটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ফুল মিয়ার ছেলে মোঃ শাহিন সরকার একজন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং স্থানীয়ভাবে জামায়াতে ইসলামী রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা যায়। তবে এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর অভিযোগ, বাড়ির ভেতরে থাকা ছোট গাছের ওপর ছায়া পড়ার অজুহাতে পরিকল্পিতভাবে এই পুরোনো গাছটি ক্ষতিগ্রস্ত করা হয়েছে, যা পরিবেশ ও জনস্বার্থের পরিপন্থী। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় সুশীল সমাজ ও পরিবেশ সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, সরকারি রাস্তার গাছ ব্যক্তিমালিকানা নয়, এটি জনগণের সম্পদ। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশ ধ্বংসের পাশাপাশি আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।